চুয়াডাঙ্গায় পচা গোশত বিক্রির অভিযোগে দোকান সিলগালা

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় পচা গোশত বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম রাসেল। এ সময় অভিযুক্ত গোশত বিক্রেতা পালিয়ে যান।

অভিযানে পৌর এলাকার ব্যবসায়ী আরজ আলীর (৪০) দোকানে পচা গোশত বিক্রির সত্যতা পাওয়া গেলে দোকানটি সিলগালা করা হয়। একইসাথে দোকানে থাকা অবশিষ্ট পচা গোশত জনসমক্ষে নষ্ট করে দেয়া হয়। অভিযুক্ত আরজ আলী পৌর এলাকার দৌলৎগঞ্জ ফকিরপাড়ার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি দোকান ছেড়ে পালিয়ে যান বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল গোশত ব্যবসায়ী আরজ আলীর দোকান থেকে ১৩ কেজি গোশত কেনেন। বাড়িতে নেয়ার পর গোশতে দুর্গন্ধ ও পচনের লক্ষণ দেখতে পেয়ে তিনি তা ফেরত দিতে দোকানে যান। এ সময় গোশত বিক্রেতা ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন।

পরে ভুক্তভোগীরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম রাসেল বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই অভিযুক্ত পালিয়ে যান। তদন্তে পচা গোশত বিক্রির সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় দোকানটি সিলগালা করা হয়েছে এবং পচা গোশত ধ্বংস করা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।