জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সিলেটের জকিগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি টমটম অটোরিকশা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
গ্রেফতার শাহাব উদ্দিন ও হাসান আহমদ
গ্রেফতার শাহাব উদ্দিন ও হাসান আহমদ |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি টমটম অটোরিকশা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে জকিগঞ্জ থানার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের জনৈক জামাল মিয়ার ফিশারির সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল।

এ সময় জকিগঞ্জ বাজার থেকে আটগ্রামগামী একটি টমটম অটোরিকশাকে থামার সংকেত দেয়া হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শাহাব উদ্দিন (৩৮), পশ্চিম লোহার মহল এলাকার মরহুম আকিব আলীর ছেলে এবং হাসান আহমদ (১৮), খলাছড়া ইউনিয়নের ভূঁইয়ারমোড়া এলাকার মরহুম ফখর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ১৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর—০৭, তারিখ: ১৪/০৮/২০২৬।

পুলিশ আরো জানায়, গ্রেফতার দুজনকে যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।