মুন্সিগঞ্জের শ্রীনগরে মধ্যরাতে আগুন লেগে একটি বসতঘর ও ঘরে থাকা সকল আসবাব পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব হাসাড়া মাদরাসা পাড়া এলাকায় দেলোয়ার হাওলাদারের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি বসতঘর, খাট, সুটকেসসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুনটি একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে আশপাশের অন্য বসতঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।



