শরণখোলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিজ ঘর থেকে কবির হাওলাদার ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ‘কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট ও স্ত্রীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মো: আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট)

Location :

Bagerhat
শরণখোলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ
শরণখোলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘর থেকে কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার রাজৈর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তাদের ধারণা, ওই বিরোধের জেরেই স্ত্রী হালিমা বেগমকে হত্যার পর কবির হাওলাদার আত্মহত্যা করেছেন।

তবে ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

পুলিশ জানায়, হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই দম্পতির সাত বছর ও দুই মাস বয়সী দু’টি সন্তান রয়েছে। ঘটনার সময় দুই মাসের শিশুসন্তানটি ঘরেই ছিল। মা-বাবার লাশের পাশেই শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া আলামতও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Topics