বর্তমান সরকারের আমলে সবাই ভালো আছেন : বিজন কান্তি সরকার

ধামরাইয়ের উপমহাদেশখ্যাত চারশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় শ্রী বিজন কান্তি সরকার
ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় শ্রী বিজন কান্তি সরকার |নয়া দিগন্ত

ধামরাইয়ের উপমহাদেশখ্যাত চারশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

যশোমাধব দেবের মন্দির ও রথ উৎসব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে এবং উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপিকে জয়লাভ করিয়েছেন আপনারা, বিএনপিকে এখন আপনাদের দেওয়ার পালা। বিএনপি আপনাদের দেবে নিরাপত্তা, অধিকার ও বিচার। আপনারা যেন সঠিক বিচার ও অধিকার পান, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যোগ্যতা অনুযায়ী সবাই কাজ পাবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ালেখার সুযোগ পাচ্ছে। ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের কথা আগে শুনেছি। ভারতের পুরীর রথের পরেই ধামরাইয়ের রথযাত্রা বাংলাদেশে সবচেয়ে বড়। আজ হাজার হাজার ভক্তের উপস্থিতিতে রথযাত্রা উৎসব দেখে আমি অভিভূত, খুব ভালো লাগছে। বর্তমান সরকারের আমলে সবাই ভালো আছেন।’

এ সরকারকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বিকেল সাড়ে ছয়টার দিকে উল্টো রথ টানা শুরু হয়।

উল্টো রথযাত্রার পর আরও ২০ দিনব্যাপী মেলা চলবে। পৌরসভা সদর এলাকা জুড়ে বসেছে এই মেলা। মেলায় রয়েছে নাগরদোলা, সার্কাস, কুটির শিল্প, কাঁসা-পিতল শিল্প, মৃৎশিল্প, ছোটদের খেলার সামগ্রী, শাঁখা, রসগোল্লা ও মতিপালের প্রসিদ্ধ মিষ্টিসামগ্রীর সমাহার এবং বিভিন্ন পণ্যের দোকান।