তসবিহ দানা গলায় আটকে প্রাণ গেল দেড় বছরের শিশুর

খেলার সময় হঠাৎ তসবিহের একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া
শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহ দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া উপজেলার শহিদুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, খেলার সময় হঠাৎ তসবিহের একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, ‘তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সকাল ৯টায় তালহার জানাজা শেষে দাফন করা হয়েছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: এরশাদ উল্লাহ বলেন, ‘গলায় তসবিহ দানা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়। পরে আমরা লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।’