জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে সরকার : উপদেষ্টা ফারুকী

তিনি তখনো জানতেন না যে, বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়ত স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীকালে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।

রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। তাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইন্সটিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে। কারণ, ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি।

তিনি বলেন, আপনার যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কী রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিলো। এটি কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন। তিনি তখনো জানতেন না যে, বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। তার ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি। এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব মো: মফিদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী, কবি আবদুল হাই শিকদার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

সোমবার (২৬ মে) অনুষ্ঠানের দ্বিতীয় দিন জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে এবং শেষ দিন মঙ্গলবার (২৭ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।