নাটোরের নলডাঙ্গায় অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম করেছেন মো: আব্দুল মজিদ নামে এক বিএনপি নেতা।
আহত শিক্ষক মো: শাহাবুদ্দিন উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
অভিযুক্ত বিএনপি নেতা মো: আব্দুল মজিদ বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মঙ্গলবার (৪ আগস্ট) স্কুলসংলগ্ন হাসির দোকানে জমি-সংক্রান্ত বিরোধে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটে।
আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। বর্তমানে ওই শিক্ষককে হাসপাতালে চিকিৎসা নিতে ও থানায় মামলা করতে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী মহল। এমনকি তাকে বাড়ি থেকেও বের হতে বাধা দেয়া হচ্ছে।
বিএনপি নেতা আব্দুল মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



