ফেনীর দাগনভূঞা পৌর এলাকার রামানন্দপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা অনিক হোসেন নিলয়। তিনি সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামানন্দপুর এলাকায় একটি প্রভাবশালী মাটি দস্যু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির মাটি লুট করে আসছিল। ভারি ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিলো।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চক্রটি আবারো মাটি কাটতে শুরু করলে নিলয় ও স্থানীয় বাসিন্দারা রাস্তা ও জনপদ রক্ষায় বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাটি খেকো চক্রের একদল উচ্ছৃঙ্খল যুবক নিলয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নিলয় মাথায়, গলায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
নিলয়ের জেঠা মোহাম্মদ স্বপন জানান, হামলার পর নিলয় প্রায় তিন ঘণ্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
সাবেক ওয়ার্ড কমিশনার শহিদুল্লাহ জানান, দীর্ঘ দিন ধরে মাটি দস্যু চক্রটি সক্রিয় থাকলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে এলাকার রাস্তাঘাট ধ্বংস হচ্ছে এবং প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, বিষয়টি মৌখিকভাবে তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।



