৮ লাখ টাকার জন্য থমকে আছে পঙ্গু সাইদুলের জীবন

অস্ত্রোপচারই এখন একমাত্র সমাধান। তবে এ অপারেশনে প্রায় আট লাখ টাকা ব্যয় হবে, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সাইদুল ইসলাম
সাইদুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া (পর্দাবাজ) এলাকার যুবক মো: সাইদুল ইসলাম প্রায় এক দশক ধরে পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিনের বাতজনিত জটিলতায় তার একটি পা প্রায় অচল হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা তো দূরের কথা, দৈনন্দিন কাজকর্ম করতেও প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে।

পরিবারের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও স্থায়ীভাবে সুস্থ হতে পারেননি সাইদুল। সম্প্রতি চট্টগ্রামের এক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়, তার ডান পাশের হিপ জয়েন্টের বল (ফিমোরাল হেড) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারই এখন একমাত্র সমাধান। তবে এ অপারেশনে প্রায় আট লাখ টাকা ব্যয় হবে, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

সাইদুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ বছর ধরে বাতের ব্যথা নিয়ে অনেক কষ্ট করছি। অনেক চিকিৎসা করেছি। কিছুদিন ভালো থাকলেও আবার আগের অবস্থায় ফিরে যাই। সম্প্রতি চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, আমার ডান পাশের হিপ জয়েন্টের বল নষ্ট হয়ে গেছে। অপারেশন করলে আমি আবার আগের মতো হাঁটতে পারব। কিন্তু অপারেশনের জন্য প্রায় আট লাখ টাকা প্রয়োজন। আমাদের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। সামনের দিকে পা চালাতেও খুব কষ্ট হয়। সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের কাছে আমার বিনীত আবেদন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।’

সাইদুলের পরিবার জানায়, দীর্ঘদিনের চিকিৎসায় ইতোমধ্যে তাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। এখন প্রয়োজনীয় অস্ত্রোপচারের ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং দানশীলদের সহযোগিতা কামনা করেছেন।

এক সময়ের কর্মক্ষম এই যুবক আজ আর নিজের পায়ে স্বাভাবিকভাবে চলতে পারেন না। প্রয়োজনীয় চিকিৎসা পেলে তিনি আবারো স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজের পরিবার ও সমাজের জন্য কাজ করতে পারবেন এমন আশাই করছেন তার স্বজনরা।

সহায়তার জন্য যোগাযোগ ও অনুদান পাঠানোর ঠিকানা :
বিকাশ/নগদ (পার্সোনাল) : ০১৮২১-০৬৪৭২৫
ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মিরসরাই শাখা, চট্টগ্রাম
হিসাবের নাম : SAIDUL ISLAM
হিসাব নম্বর : ২০৫০৩২৬০২০১৭১৯১১৮