মাদারীপুরের শিবচর পৌরসভার যাদুয়ারচর আঞ্চলিক সড়কে পিকআপভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একটি প্রাইভেটকার খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে শিবচরগামী কলাভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই স্থানীয় এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা: ঐশী আহমেদ গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।



