ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ইউনিয়নের রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হ্যাপি (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বড় মানিকা ইউনিয়নের রাড়ী বাড়ির বাসিন্দা লিমন ওরফে আলামিনের সাথে হ্যাপির বিয়ে হয়। আলামিন ঢাকায় চাকরিরত থাকায় হ্যাপি গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ির সাথে বসবাস করতেন। বুধবার দুপুরে ঘরের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুল মালেক আখন বলেন, ‘আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ময়নাতদন্তের পর যদি প্রমাণ পাওয়া যায় যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি মেয়ের শাশুড়ির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় পাঠানো হবে।



