ঢাকার আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে রাতুল হাসান রিফাত (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ির উত্তর পাশের বংশাই (গাজীখাল) নদীতে পড়ে তার মৃত্যু হয়। এর আগে শিক্ষকের সাথে মোট নয় শিক্ষার্থী ওই নদীতে গোসল করতে নামে।
রাতুল হাসান রিফাত জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর কিসমত জাল্লা এলাকার মিজানুর রহমানের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে আশুলিয়ার কোনাপাড়া আবুল হোসেনের ভাড়াবাড়িতে থেকে স্থানীয় আল-ক্বলম প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক ইমরান নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতসহ নয় শিক্ষার্থীকে নিয়ে গাজীরখালে গোসল করতে নামে। গোসলের সময় রাহাতসহ আরো দুইজন পানিতে তলিয়ে যেতে থাকে। পরে সবাই পানি থেকে উঠতে পারলেও নিখোঁজ হয় রিফাত। এ সময় স্থানীয় আমছু ও মাসুদ রানাসহ আরো অনেকে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে। অচেতন রিফাতকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিফাতের লাশ উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা আমছু রহমান জানান, আল ক্বলম স্কুলের শিক্ষককে বারবার নিষেধ করে বলেছি, ‘এখানে পানির স্রোত বেশি নাইমেন না’। এরপরও তিনি নয় ছাত্রকে নিয়ে নদীতে নামে। আধ ঘণ্টা পরেই ওই শিক্ষকসহ আরো দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যেতে থাকে। শিক্ষকসহ দুইজন উঠে আসতে পারলেও রিফাত নিখোঁজ হয়। পরে স্থানীয় আরো বেশ কয়েকজনকে নিয়ে খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর তার লাশ পাওয়া যায়।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, আল ক্বলম স্কুল থেকে কয়েকদিন পর পর শিক্ষার্থীদের বিনোদনের নামে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। আর আজকে এমনি করে নদীতে নিয়ে আসা হয়েছিল। এতে একজন মায়ের বুক খালি হলো। এ ঘটনার জন্য তারা স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবি করেন।
এ ঘটনায় বক্তব্য নিতে স্কুলটির কর্ণধার খোরশেদ আলমের সাথে মোবাইলফোনে সাংবাদিক পরিচয়ে তথ্য চাইলে তিনি কল কেটে দেন। পরে বারবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষক ইমরানের কোনো বক্তব্য সংগ্রহ করা যায়নি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়েছি। লাশ বর্তমানে ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



