রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) কারখানায় পানির পাম্প হাউসের কারিগরি সমস্যার কারণে চার দিন সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারো উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, কারখানার কর্ণফুলী নদী-সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত চার দিন ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। কেপিএম-এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন, যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।
তিনি জানান, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বর্তমানে ভাটার সময়ে নদীর পানির স্তর অনেক নিচে নেমে যায়, এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাধাগ্রস্থ হয়। বর্তমানে পানির প্রবেশ পথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপ লাইন ব্যবহারের মাধ্যমে আরো গভীর করে শনিবার উৎপাদন সচল করা হয়েছে।
কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও’র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে ৯১৫ মেট্রিক টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে তিনি উল্লেখ করেন। বাসস



