চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালুবাহী ড্রেজারের সাথে আটকে থাকা শাহরিয়ার ফাহাদ (২১)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর নতুন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহরিয়ার ফাহাদ সাতকানিয়া ভোয়ালিয়া পাড়ার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে।
সদরঘাট নৌ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং ভাসতে ভাসতে লাশটি ড্রেজারের সাথে আটকে যায়।
পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



