ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকারের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আতাউর রহমান সরকার কসবা উপজেলার ধরখার ইউনিয়নের তুলাতলা গ্রামে একজন অসুস্থ মুরুব্বীকে দেখতে যান। পরে সেখানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে ওই বাড়ি থেকে বের হওয়ার সময় ধরখার ইউনিয়ন যুবদল সভাপতি বশির আহমেদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তার সহকর্মীদের লাঞ্ছিত করে এবং গাড়িতে উঠতে বাধা দেয়।
একপর্যায়ে স্থানীয় মুরুব্বীদের সহায়তায় তিনি গাড়িতে উঠতে সক্ষম হলেও হামলাকারীরা গাড়ির ওপর হামলে পড়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় আতাউর রহমান সরকার ও তার সহকর্মীদের প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত হলে অভিযুক্ত বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর গাড়িতে বসেই আতাউর রহমান সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রাতে কসবা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আতাউর রহমান সরকার।



