এস আলম সুগার মিলের নামে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ১০ হাজার ৫৩৮ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮৯০ টাকা খেলাপী ঋণের বিপরীতে এনআই অ্যাক্টের ১৪টি মামলায় ওই প্রতিষ্ঠান এবং সাইফুল আলম মাসুদ ও তার ভাই মো: আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম মহানগর যুগ্ম দায়রা জজ আদালত ১ম কোর্টের বিচারক শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এর মধ্যে ১৪টি মামলার মোট ভ্যালু ৩৯৩ কোটি ২০ লাখ ৭৯ হাজার ২৬১ টাকা বলে আদালত সূত্র জানায়।
সূত্র জানিয়েছে, গত বছরের ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল এনআই অ্যাক্টের অধীনে উল্লেখিত ১৪টি মামলা রুজু করে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া আসামিদের এস আলম সুগারের ঋণের বিপরীতে এনআই অ্যাক্টে মোট ৫৮টি মামলা রুজু আছে বলেও সূত্র জানায়।
মামলায় প্রতিষ্ঠানটি ১ নম্বর বিবাদি এবং প্রতিষ্ঠানের পরিচালক মো: আব্দুল্লাহ হাসান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ যথাক্রমে ২ ও ৩ নম্বর বিবাদী। এদের দুইজনের বিরুদ্ধেই অর্থঋণ আদালতের পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ জারি রয়েছে বলেও সূত্র জানায়।
সূত্রমতে, সোমবার আসামিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বাদি ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এ এম জিয়া হাবীব আহসান।


