ঠিক সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের এই হুঁশিয়ারি দেন তিনি।
সকালেই নতুন প্রশাসক নগর ভবনের প্রধান গেইটে চেয়ার পেতে কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশের তদারকি করেন। এসময় অনেকেরই দেরীতে আসার কারণ কি তা জানতে চান নবনিযুক্ত প্রশাসক।
এসময় নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সরকারের নির্দেশ রয়েছে সকাল ৯টা থেকে অফিস করার জন্য। সবাইকে সরকারি নির্দেশনা মেনে অফিসে কাজ করতে হবে। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারিদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।’
নগরীর বন্দরবাজার এলাকায় নগরভবনে বৃহস্পতিবার সকাল ৯টায় অফিস শুরুর নির্ধারিত সময়ে গিয়ে তিনি ‘বেশিরভাগ’ কর্মকর্তা ও কর্মীদের কর্মস্থলে পাননি। এ সময় রাজস্ব ও প্রকৌশল শাখাসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন নতুন প্রশাসক এবং অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ( যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যরা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নবনিযুক্ত প্রশাসক প্রধান প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তাদের কার্যালয়ে পাননি। রাজস্ব শাখার ৬৯ জন কর্মচারীর মধ্যে মাত্র চার থেকে পাঁচ জন ‘ঠিক সময়ে’ অফিসে উপস্থিত হয়েছেন বলে তথ্য পান তিনি।
অফিসে অনুপস্থিতির বিষয়ে দায়িত্বরত অন্যদের কাছে কৈফিয়ত চান তিনি এবং সময়মতো অফিসের কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন।



