সিলেটে বাড়িতে জ্বালানি তেল মজুদ, ৩ জনের কারাদণ্ড

‘অভিযুক্তরা প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল। এ ধরনের অবৈধ মজুদদারির কারণে বাজারে জ্বালানির কৃত্রিম সঙ্কট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি ও উদ্ধারকৃত তেলের ড্রাম
কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি ও উদ্ধারকৃত তেলের ড্রাম |নয়া দিগন্ত

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অপরাধে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নগরীর এয়ারপোর্ট থানাধিন সাহেবেরবাজার ধোপাগুল এলাকার নুনু মিয়ার ছেলে উসমান (৫৫), মজু মিয়ার ছেলে মো: লাহিন (৩৬) ও লুলু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।

বুধবার এর সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াত বলেন, ‘অভিযুক্তরা প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল। এ ধরনের অবৈধ মজুদদারির কারণে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।’

তিনি আরো বলেন, ‘অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৯২০ লিটার ডিজেল, পাঁচটি খালি ড্রাম, একটি অর্ধপূর্ণ ড্রাম, চারটি পূর্ণ ড্রাম, ড্রাম থেকে তেল ভরার বিভিন্ন সরঞ্জাম ও তেল ঢেকে রাখার জন্য ব্যবহৃত তেরপল উদ্ধার করা হয়।’

এর আগে, গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও পুলিশের অভিযানে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় আসামিদের বাড়ি থেকে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন আসামির সবাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।