ছুটির দিন হলেও নগরবাসীর সেবা থেমে থাকে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার শনিবার দিনব্যাপী সরাসরি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় জলাবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষাসহ নগরের গুরুত্বপূর্ণ কাজগুলো তদারকি করা হয়।
প্রশাসক প্রথমে গাছা জোনের উত্তর খাইলকুর এলাকায় সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এরপর ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর আব্দুল গণি রোড থেকে কামারজুরি রোড পর্যন্ত ৮৪০ মিটার দীর্ঘ ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ প্রকল্পের সাইটে যান।
তিনি জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাস্তার দুই পাশে বাড়িঘর ও স্থাপনা থাকায় ক্ষতি কমাতে রাস্তার প্রস্থ ২০ ফুট থেকে ১৪ ফুট করা হয়েছে।
নগরের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে। মশার কামড়ে সৃষ্ট রোগ-ব্যাধি রোধে নগরের সব এলাকায় ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি আমদানি করে কার্যক্রমকে আরো কার্যকর করা হবে।
প্রশাসক পরবর্তীতে ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মঙ্গল কমপ্লেক্স পর্যন্ত ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
তিনি আশা প্রকাশ করেন, এলাকাবাসীর সহযোগিতা থাকলে জুন মাসের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করা সম্ভব হবে। মহাসড়কের পাশে ড্রেন উপচে ময়লা পানি প্রবাহিত হওয়ার বিষয়টিও তিনি সরাসরি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অসহযোগিতার তথ্য পাওয়া গেলে প্রশাসক সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সহযোগিতার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।



