সাতক্ষীরার কালীগঞ্জে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৪৩) ও তার সহযোগী আরিফুল ইসলাম উজ্জ্বলকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। এ সময় পিস্তল, গুলি, বোমা, ওয়াকিটকি ও ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়ার আলী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জব্বার আলী তরফদারের ছেলে এবং আরিফুল ইসলাম উজ্জ্বল একই ইউনিয়নের বেনাদোনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়ির সামনে থেকে ইয়ার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও দু’টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। ইয়ার আলীর দেয়া তথ্যের ভিত্তিতে রাতে পৃথক অভিযান চালিয়ে আরিফুল ইসলাম উজ্জ্বলকে কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দু’টি বোমা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়ার আলীকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। ইয়ার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ কমপক্ষে ২৩টি মামলা রয়েছে। ইয়ার আলীর কাছে আরো অস্ত্র ও মাদকদ্রব্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



