সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাস বয়সী শিশু ইনাইয়া সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৪ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স ও বাকি ৭৭ জন শিশু। নিহত ৭৮ জনের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
নিহতদের মধ্যে সর্বোচ্চ ৩২ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের ছয়জন রয়েছে।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৬৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১০৭ জন, হবিগঞ্জের ৩২ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭২ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ৮৭ জন ভর্তি রয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট হাসপাতালে ১১ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে তিনজন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট লায়ন্স হাসপাতালে ছয়জন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছে।



