চট্টগ্রামের সাতকানিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে এ দেশের জনগণ কোনো ধরনের টালবাহানা চায় না। দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সেই রায়কে সম্মান জানাতে হবে। সংবিধানের দোহাই দিয়ে যদি গণভোটের রায় বাস্তবায়ন করা না হয়, তাহলে দেশের মানুষ রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন হেলালী বলেন, গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এটা উপেক্ষা করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলামি পার্টি চট্টগ্রাম মহানগর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নোমান, দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সিফাত, আমার বাংলাদেশ (এবি) পার্টির দক্ষিণ জেলা আহ্বায়ক জায়েদ হাসান চৌধুরী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) লোহাগাড়া উপজেলা সভাপতি লিয়াকত আলী চৌধুরী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাসের, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, সাতকানিয়া উপজেলার সাবেক আমির মাওলানা আবুল ফয়েজ ও ডা: নুরুল হক, বর্তমান আমির মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো: ইব্রাহিম চৌধুরী, দক্ষিণ জেলা শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাঙ্গু সাংগঠনিক থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মো: আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি দিদারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে চলমান জ্বালানি সঙ্কট জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ সমস্যায় মানুষ দিশেহারা। অবিলম্বে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সঙ্কট নিরসনের দাবি জানান তারা।
সমাবেশ শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেরানীহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



