আলমডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লাগে।

Location :

Alamdanga
বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাপানিয়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।

নিহত হৃদয় হোসেন ওই এলাকার মরহুম খন্দকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। এ সময় মোটরে পানি না আসায় তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এতে হঠাৎ বিদ্যুৎ বোর্ডে আগুনের ফুলকি দেখা যায়। সাথে সাথে হৃদয় জোরে চিৎকার দেয় এবং এরপরই নিস্তব্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময় আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মো: আশরাফ আলী (২৭) নামে আরেক যুবকের মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী ওই গ্রামের মরহুম আলীহিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, আলমডাঙ্গার পৃথক দু’টি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।