গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতির জেরে করণী ফ্যাশনস গার্মেন্টস বন্ধ ঘোষণা

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, কারখানায় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এ অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।

গাজীপুর প্রতিনিধি

Location :

Gazipur
বন্ধা ঘোষণা করা করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস কারখানা
বন্ধা ঘোষণা করা করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস কারখানা |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের অব্যাহত কর্মবিরতির প্রেক্ষিতে করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১১ জুলাই) উপজেলার সফিপুর (রতনপুর) এলাকায় অবস্থিত গার্মেন্টস কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) পোশাক কারখানার মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস শাহ স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বুধবার (৮ জুলাই) বিকেল থেকে কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস শাখার শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেও উৎপাদন কার্যক্রমে অংশ নেয়নি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকে।

নোটিশে আরো উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের দ্বারা বে-আইনি ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী পরবর্তী কর্মদিবস শনিবার (১১ জুলাই) থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ সবাইকে দেবে। তবে, করণী ফ্যাশনস লিমিটেডের নিটিং সেকশনসহ অন্যান্য কারখানার জন্য এ বন্ধের নোটিশ প্রযোজ্য হবে না।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসের বেতন একসাথে পরিশোধ না করে ধাপে ধাপে (কিস্তিতে) পরিশোধ করে আসছিল। এতে শ্রমিকদের বাড়িভাড়া ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সমস্যা দেখা দেয়। এর প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, কারখানায় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এ অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে করণী ফ্যাশনসের গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ চলছিল। বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।

করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজবাউর রহমান খানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়ার পরও তিনি কল রিসিভ করেননি।