ঈদগাঁওতে খালে ভাসমান যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওতে খালে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন ছাতিপাড়া পয়েন্ট থেকে বল্লভ দে (৩২) এর লাশ উদ্ধার করা হয়।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁও থানা, কক্সবাজার
ঈদগাঁও থানা, কক্সবাজার |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে খালে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন ছাতিপাড়া পয়েন্ট থেকে বল্লভ দে (৩২) এর লাশ উদ্ধার করা হয়।

এর আগে খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের উপজেলা শাখার নেতা ডা: বিকাশ কান্তি দে বলেন, ‘নিহত বল্লভ দে জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বঙ্কিম বাজার এলাকার মিলন দে’র ছেলে। বল্লভ মৃগীরোগে আক্রান্ত ও কিছুটা অপ্রকৃতিস্থ টাইপের ছিলেন।

জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, গত রাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান বল্লভ। তার মা নিয়তি দেবী ভোরে ছেলেকে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে দুপুরে খালে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বল্লভের মৃত্যুতে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি ।