পঞ্চগড়ে বিরল প্রজাতির অসুস্থ ‘বহুরূপী শিকারি ঈগল’ উদ্ধার

পাখিটি বহুরূপী শিকারি ঈগল প্রজাতির, যা এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। এটি বোধহয় খাবারের অভাবে বা শারীরিক জটিলতায় দুর্বল হয়ে পড়েছিল।

Location :

Panchagarh
বহুরূপী শিকারি ঈগল
বহুরূপী শিকারি ঈগল |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলার ব্রহ্মোত্তর গ্রাম থেকে একটি বিরল প্রজাতির অসুস্থ বহুরূপী শিকারি ঈগল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় যুবক আরিফুজ্জামান আরিফের সহযোগিতায় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর সদস্য রুবেল রানা রিফাত পাখিটিকে উদ্ধার করে।

পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলামের নির্দেশে পাখিটির দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে পাখিটি রুবেল রানা রিফাতের নিরাপদ তত্ত্বাবধানে রয়েছে।

স্থানীয় যুবক আরিফুজ্জামান আরিফ বলেন, ‘বাড়ির পাশের মাঠে পাখিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেই।’

উদ্ধারকারী সদস্য রুবেল রানা রিফাত বলেন, ‘পাখিটি বহুরূপী শিকারি ঈগল প্রজাতির, যা এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। এটি বোধহয় খাবারের অভাবে বা শারীরিক জটিলতায় দুর্বল হয়ে পড়েছিল। আমরা এখন এর চিকিৎসা করছি। এটি পুরোপুরি সুস্থ হলে এবং প্রকৃতিতে ছাড়ার উপযোগী হলে তাকে অবমুক্ত করা হবে।’

সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম জানান, বিরল প্রজাতির এই শিকারি পাখিটির চিকিৎসা চলছে এবং বিষয়টি বন বিভাগকেও অবহিত করা হয়েছে।