পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মোটরসেট করতে গিয়ে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় বিদ্যুৎ-এর লাইন নিয়ে গিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ওই গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুৎ-এর লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মোটরসেট করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিল না।

তবে স্থানীয়রা ধারণা করছেন, মোটরে বিদ্যুৎ-এর তার সংযোগ দেয়ার সময় একজন বিদ্যুৎ স্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।