মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত পুকুরে পড়ে জামিনা ফেরদৌস জারা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে শহরের সোনা মিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জারা ওই এলাকার ইদ্রিছ আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদ নয়া দিগন্তকে বলেন, ‘বিকেল ৪টার দিকে আমরা খবর পাই একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা ছিল, শিশুটি পুকুরে পড়ে ডুবে যেতে পারে। পরে আমাদের একটি দল সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিত্যক্ত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাবিদ নয়া দিগন্তকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে থানা পুলিশ এসে শিশুটির লাশ নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলার সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।’



