গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যজোট ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল
সাভারে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যজোট ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, ‘৫১ শতাংশ ভোট মানলে প্রায় ৭০ শতাংশ গণভোটের জনগণের রায় মানবেন না, তা হবে না। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে। এই সরকার জনগণের রায় ভুলে গিয়ে স্বৈরাচারের পথে হাঁটছে। আমরা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে শেখ হাসিনার পরিণতি আপনাদেরও হতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘আমরা জনরায়ের পক্ষে আন্দোলন করছি। তা না হলে প্রয়োজনে আরেকটি ৫ আগস্ট হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি, জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি উপাধাক্ষ মাওলানা মো: শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, এনসিপির ঢাকা জেলা ( উত্তর) সাংগঠনিক সম্পাদক তামিম আজহার প্রমুখ।