জুলাই আন্দোলনে পুলিশ হত্যার পুনঃতদন্ত হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আগেই বলেছি, গণতন্ত্রের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে। এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিয়েছি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
নয়া দিগন্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনা পুনঃতদন্ত ও বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই সঠিক।

তিনি বলেন, যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারো তদন্ত হবে। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। এ নিয়ে আমার পক্ষ থেকে নতুন করে কিছু বলার নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের চারতলা নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতাদের দাবি—বিষয়টি মীমাংসিত, সরকার কেন বাড়াবাড়ি করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এনসিপিকেই জিজ্ঞেস করুন।

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আগেই বলেছি, গণতন্ত্রের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে। এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিয়েছি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে তিনি বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মাদরাসার নতুন ভবনের উদ্বোধনে আমরা শরিক হতে পেরেছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন, পাশে থেকেছেন। তাদের সমর্থনের কারণেই আজ বিজয়ী হতে পেরেছি এবং তাদের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। সবাইকে অনুরোধ করব, আমরা যেন ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করতে পারি।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঢাকায় যান মির্জা ফখরুল। পরে বিএনপি সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মন্ত্রী হওয়ার পর এটি তার নির্বাচনী এলাকায় প্রথম সফর।

এর আগে শুক্রবার সকালে তিনি বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে যান। এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুপুরে মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিকেলে পৌর শহরের গোবিন্দনগরে উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ইএসডিও’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।