মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, নেশার টাকা না দেয়ায় এখলাছ তার মাকে কুপিয়ে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেন।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
মহেশপুরের শ্যামকুড় গ্রামে মাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় স্থানীয়রা নেশাগ্রস্ত ছেলেকে আটক করে
মহেশপুরের শ্যামকুড় গ্রামে মাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় স্থানীয়রা নেশাগ্রস্ত ছেলেকে আটক করে |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে শখের বানু (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এখলাছকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত শখের বানু শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। তিনি গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেয়ার জন্য তার ছোট ছেলের স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি শখের বানুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুকে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পাশের একটি মাঠ থেকে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, নেশার টাকা না দেয়ায় এখলাছ তার মাকে কুপিয়ে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত এখলাছকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।