বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স, বাস ও অন্য একটি অজ্ঞাত পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ময়না বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইচলাদী টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম উপজেলার রাকুদিয়া গ্রামের মরহুম মোসলেম হাওলাদারের মেয়ে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইচলাদী টোলপ্লাজার সামনে বরিশালের দিকে যাচ্ছিল একটি অজ্ঞাত বাস বা ট্রাক। এ সময় একই দিকে যাচ্ছিল একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে অজ্ঞাত বাস বা ট্রাকটির সাথে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। তখন বিপরীত দিক অর্থাৎ কুয়াকাটা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাস। সেটিও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় ময়না বেগম সড়কে পড়ে যান। পরে একটি গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ময়না বেগমের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। কিভাবে তিনি মহাসড়কে এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম জানান, ইচলাদী টোলপ্লাজার সামনে তিনটি যানবাহনের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ ও কোন গাড়ির কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।



