নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবা থেকে ওয়াহিদুলের লাশ উদ্ধার করা।

ওমর আলী, চকরিয়া উপকূল (কক্সবাজার)

Location :

Chakaria
নিহত ওয়াহিদুল ইসলাম
নিহত ওয়াহিদুল ইসলাম |সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরীতে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর ডোবা থেকে ওয়াহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবা থেকে ওয়াহিদুলের লাশ উদ্ধার করা।

শিশু ওয়াহিদুল ইসলাম পূর্ব বড়ভেওলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো: তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

খবর পেয়ে পুলিশ ওই ডোবা থেকে সকাল ৯টার দিকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, ‘এই ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’

শিশুর বাবা টমটম (ইজিবাইক) চালক তৌহিদুল ইসলাম লিটন জানান, তার সন্তান মাইজপাড়া নূরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাদরাসায় পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয় সে। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও তার হদিস মিলছিল না। ৪৫ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন পাশের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ওয়াহিদুল ইসলামের লাশ ভাসতে দেখে।

তিনি আরো জানান, তার সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু আজ সকালে সন্তানের অর্ধগলিত লাশ পাওয়া যায় ডোবায়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘শিশু ওয়াহিদুল ইসলামের লাশ মঙ্গলবার সকাল ৭টার দিকে ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ভাসতে দেখে প্রথমে বিষয়টি আমাকে জানায়। এরপর খবর পৌঁছানো হয় পুলিশের কাছে। সকাল ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।’

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস জানান, খবর পেয়ে পুলিশ নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে রয়েছে।