সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা

আমরা চাই, হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক, প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক এবং নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠনকে হয়রানি করা না হোক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী |ফাইল ছবি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হকের গাড়ির ওপর হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার আমির আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একইসাথে, তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো প্রমাণ ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগেরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। মিথ্যা, অনুমান নির্ভর বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করা কারো কাম্য নয়।

আমরা চাই, হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক, প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক এবং নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠনকে হয়রানি করা না হোক।