পবিত্র ঈদ-উল আজহার নামাজ ও মোনাজাত শেষে রংপুর মহানগরীতে চলছে পশু কোরবানির কার্যক্রম। ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারনের ঘোষণা দিয়েছেন সিটি প্রশাসক।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টা থেকেই মুসল্লীরা ঈদগাহ মাঠ থেকে ফিরে শুরু করেছেন পশু কোরবানি। কেউ মাঠে, কেউ সিটি করপোরেশন নির্ধারিত ৩৩টি ওয়ার্ডের ৬৬টি পয়েন্টে, কেউ বাসা বাড়ির উঠোনে, কেউ রাস্তায় দিচ্ছেন পশু কোরবানি। দল করে করে চলছে গোশত কাটার কাজ। বৃষ্টি হওয়ায় ব্যাঘাত ঘটলেও খুশি মুসল্লিরা। মনের এবং জীবনের পশুত্ব কোরবানি করার প্রতিশ্রুতি তাদের।
এদিকে নগরবাসির প্রতি আহবান জানিয়ে সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, ‘রংপুর মহানগরবাসীকে বলতে চাই যে আমাদের এই প্রিয় রংপুর নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে সিটি করপোরেশন কর্তৃক যে নির্ধারিত জায়গা আছে সেখানে পশু কোরবানি করুন। পশু কোরবানির পরে বর্জ্যগুলো ফেলার যে জায়গাগুলো আছে সেখানে নির্দিষ্ট জায়গায় আপনারা ফেলবেন।
ডন বলেন, যত্রতত্র পশু কোরবানি না করে নির্দিষ্ট স্থানে আপনাদের পশুটি কোরবানি করবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। যদি কেউ বাসায় কোরবানি করেন তাহলে ন্যূনতম তিন ফিট গর্ত করে বর্জ্যগুলো পুঁতে ফেলবেন।
ডন আরো বলেন, যদি বাসায় পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ডাস্টবিনগুলোতে আপনারা সেই বর্জ্যগুলো ফেলবেন। পবিত্র ঈদুল আজহার এই দিনেও আমাদের রংপুর সিটি করপোরেশনের প্রায় এক হাজার ঊনসত্তর জন পরিচ্ছন্ন কর্মী নগরবাসীর সেবায় নিয়োজিত আছে। ৮ ঘন্টার মধ্যে বর্জ্য পরিস্কার করা হবে।
উল্লেখ্য, দুপুর ২টায় নগর ভবনের সামনে বর্জ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করবেন সিটি প্রশাসক।



