রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

গাছ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, পরিচর্যার দায়িত্ব নিতে হবে

‘একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। রাজশাহীকে আরো সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

রোববার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে অন্য অতিথিদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক প্রশাসক।

প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সবুজ ও ফুলের নগরীতে পরিণত করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদান, খাল পুনঃখনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার যে কথা দেয়, তা বাস্তবায়ন করে। রাজশাহী নগরীতেও ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, আগামী মাস থেকে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদান শুরু হবে।’

রাসিক প্রশাসক আরো বলেন, ‘নগরীর বিভিন্ন ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে ছোট ও বড় ড্রেনগুলো পরিষ্কারকরণের উদ্যোগ গ্রহণ করেছি। সড়ক নির্মাণ, আলোকায়ন, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহজাহান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো: মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মো: মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি মো: আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মো. রজব আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।