মাদক বিক্রিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Location :

Lakshmipur
মৃত সাগর
মৃত সাগর |নয়া দিগন্ত

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি সাগরের (৩২) চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন পর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকায় হালিমা মাদরাসার ২ নম্বর গেটসংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দিলে অভিযুক্ত মো: নুরুল আমীনের (৪৫) সাথে সাগরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ধারালো অস্ত্র দিয়ে সাগরের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় বলেন, ‘চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমার ভাইকে বাঁচানো সম্ভব হয়নি।’

এ ঘটনায় রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার ইমাম উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা নুরুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে গাঁজাসদৃশ মাদকও উদ্ধার করা হয়ে।

ঘটনার ১৭ দিন পর গত সোমবার নিহতের শাশুড়ি থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত নুরুল আমীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘সাগরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’