কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে জিনু ব্যাপারী (৫৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিনু ব্যাপারী নারান্দী গ্রামের মরহুম আব্দুস সাহিদের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিনু ব্যাপারী উপজেলার বিভিন্ন বাজারে ফলের ব্যবসা করতেন। সোমবার বিকেল ৩টার দিকে নিজ গ্রামের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন। আগের রাতে বৃষ্টি হওয়ায় গাছ ভেজা ছিল। এ সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



