ফরিদপুরে স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) নামের মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাতে সালথা উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো: আকুব্বর শেখের ছেলে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে মাদককারবারির নির্যাতন শিরোনামে দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদককারবারি বাদ দিতে চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর ও নির্যাতন করেন। এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেন জাহানারা বেগম। অভিযোগের পর থেকেই পুলিশ সাহিদ শেখকে গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান চালায়।



