সিলেটে হাম আক্রান্ত ২ মাসের শিশুর মৃত্যু

ওসমানী হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ইউনিট চালু

সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে হাম আক্রান্ত শিশুরা
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে হাম আক্রান্ত শিশুরা |নয়া দিগন্ত

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে সিলেটে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। তবে শিশুটির পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির নয়া দিগন্তকে জানান, দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে হাম-রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম-রুবেলা শনাক্ত হয়েছে।

এদিকে ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয় বলে জানান ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।