কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে আগুন ধরে গেলে চালক ও হেলপার নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা চালকের ঘুম ঘুম ভাব দুর্ঘটনার কারণ হতে পারে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ জন নিহত হয়েছেন
কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ জন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন।

আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি মিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিছুর রহমান আনিস (৫৫) ও হেলপার রতন (৩২)। উভয়ই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুর্ঘটনার সাথে সাথে আমরা কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়া ড্রাইভার ও হেলপারকে উদ্ধারে চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। এই সময়ে অনেক ট্রাক পাশ দিয়ে চলে গেলেও কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ট্রাকে আগুন লেগে ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিছুর রহমান আনিসের লাশ উদ্ধার করা হয়। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তার লাশও উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, উভয়ের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’