পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় ২৩ নম্বর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের উপজেলার প্রায় পাঁচ হাজার শিশু শিক্ষার্থীকে মিড-ডে মিল দেয়া হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা, উপস্থিতির হার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিশুদের মনোযোগ বাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
সপ্তাহে পাঁচদিন শিক্ষার্থীদের এ মিল দেয়া হবে। পুষ্টিমান নিশ্চিত করতে খাদ্য তালিকায় থাকছে ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম ও কলা বা মৌসুমি ফল, বনরুটি এবং ২০০ মিলি ইউএইচটি দুধ।
২৩ নম্বর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর।
কাউখালী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৭টি স্কুলের সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। তাদের মতে, দুপুরের খাবারের দু:শ্চিন্তা দূর হওয়ায় দরিদ্র পরিবারের শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসতে আরো উৎসাহিত হবে।



