পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব পাটগ্রামে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ বড়ঝাড় মসজিদের সামনে থেকে সরওয়ার্দী বাড়ির খুটামারা নদীগামী খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আবারো এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত এ প্রকল্পের আওতায় প্রায় ১ দশমিক ৯৫ মিটার দৈর্ঘ্য এবং দুই পাড়সহ ১৪ দশমিক ৯০ মিটার প্রস্তের খাল খনন করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এতে ১১৬ জন উপকারভোগী ৪৩ দিন কাজ করবেন এবং প্রতিদিন তাদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপজন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



