সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নয়জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
এর আগে, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ নিহত ও ১৬ জন আহত হয়।
দুর্ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ত্রাণ কর্মকর্তা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আহতদের ১০ হাজার টাকা, আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর আহতকে ১৫ হাজার টাকা এবং নিহতদের দাফন-কাফনের জন্য পরিবার প্রতি ২০ হাজার টাকা করে অর্থসহায়তা দেয়া হয়।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, কমিটিতে সদস্য হিসেবে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধি ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় মহাসড়কটি ফাঁকা ছিল। চালকদের বেপরোয়া গতি বা তন্দ্রাচ্ছন্নতাই দুর্ঘটনার প্রাথমিক কারণ হতে পারে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে।’



