টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি : উদ্ধার ১৮, নিখোঁজ ১৩

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।’

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি : উদ্ধার ১৮, নিখোঁজ ১৩
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি : উদ্ধার ১৮, নিখোঁজ ১৩ |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। এসময় মাঝিমাল্লাসহ আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৩১ জন আরোহী নিয়ে রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশে প্রবেশের সময় শাহপরীরদ্বীপ উপকূলের কাছে পৌঁছালে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

স্থানীয় জেলেরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে মাঝিমাল্লাসহ আরো ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন। এ সময় শাহপরীরদ্বীপ উপকূলে পৌঁছালে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় জেলেরা জীবিতদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় এবং বাংলাদেশে আসার কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’