গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বহরে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৬ জুলাই) বিকেলে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে আবার সূচনাস্থানে ফিরে আসে।
এ সময় এনসিপি ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ হোসেন, সাইফ খান, জিল্লুর রহমান, বায়েজিদ হোসেন শাহেদ, কামাল হোসেন, শ্রমিক উইংয়ের সমন্বয়কারী জুনায়েদ জিতু, এসএম আকাশ, বাচ্চু শেখ প্রমুখ।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।



