মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কালিরচর এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালিরচর এলাকার নুরু মিয়া মোল্লার বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে মো: সেলিম বেপারীকে (৩৮) আটক করা হয়। পরে তার দেখানো মতে একটি কালো জিপার ব্যাগ থেকে ৭০টি ইয়াবা এবং একটি নীল পলিথিনে রাখা প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলো জব্দ করা হয়।
আটক সেলিম বেপারী কালিরচর এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় ডিবি পুলিশ।



