আশুলিয়ায় এনসিপি নেতাকে ফেসবুকে হুমকি

মিথ্যার ওপর দাঁড়ানো রাজনীতি কখনো টেকে না। জনগণ এখন সচেতন, তারা সত্য আর অপপ্রচার আলাদা করতে জানে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্ট |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় এক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে ওই এনসিপি নেতা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ১৪ ফেব্রুয়ারি আতাউর রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়।

ওই ফেসবুক আইডিতে ‘এই বিশাল নেতাকে দ্রুত আপ্যায়নের ব্যবস্থা করা হোক... পুলিশ হত্যাকারী... রাজাকার... রাজাকার’ লিখে পোস্ট করে হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে আসাদুল ইসলাম মুকুল, সামাজিক মাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে একজন তার বিরুদ্ধে যে নোংরা, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।

এছাড়া প্রমাণ ছাড়া কাউকে ‘হত্যাকারী’ বা ‘রাজাকার’ বলে আখ্যা দেয়া শুধু রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় নয়, এটি চরম মানহানি এবং শাস্তিযোগ্য অপরাধ। যারা এই অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে চরিত্র হননের পথ বেছে নিয়েছে।

তিনি জানান, ভয় দেখিয়ে বা কুৎসা রটিয়ে তাকে দমন করা যাবে না। মিথ্যার ওপর দাঁড়ানো রাজনীতি কখনো টেকে না। জনগণ এখন সচেতন, তারা সত্য আর অপপ্রচার আলাদা করতে জানে।

অবিলম্বে এসব মানহানিকর পোস্ট সরিয়ে নিয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করার আহ্বান জানান তিনি।

রাজনীতি হবে আদর্শ ও কাজের ভিত্তিতে, মিথ্যা ও কুৎসার ভিত্তিতে নয় বলেও জানান এনসিপির এই নেতা। ঘটনায় তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আশুলিয়া থানার এস আই মাসুল আল মামুন জানান, এ ব্যাপারে এনসিপির ওই নেতা সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।