বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের গোশত, তিনটি চামড়া ও একটি মাথাসহ ইব্রাহিম নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি করেন। এ সময় হরিণের গোশত, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। জব্দ করা গোশতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের বলেন, ‘জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো: বদিউজ্জামান সোহাগ বলছেন, ‘দক্ষিণ চরদুয়ানী এলাকার একটি খালে কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের গোশত, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়। রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। জব্দ করা গোশত আদালতের মাধ্যমে মাটিচাপা দেয়া হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছেন।
তিনি আরো জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, ‘হরিণের গোশত উদ্ধারের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



